মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণকার পট্টিতে সরকারিভাবে লিজ নেয়া তিনটি চান্দিনা ভিটি বিক্রি করার অভিযোগ উঠেছে। ওই বাজারের হাজী জুয়েলার্সের স্বত্বাধিকারী মজিবর রহমান চান্দিনা ভিটি নিজের নামে লিজ নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যদের কাছে হস্তান্তর করেছেন। হস্তান্তর গ্রহীতারা হচ্ছেন-মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম, অন্তর জুয়েলার্সের রফিকুল ইসলাম ওরফে গেদু ও জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেয়ান। তিনটি দোকানের জন্য তাদেরকে সর্বমোট ৩৭ লাখ টাকা দিতে হয়েছে মজিবর রহমানকে।
জানা গেছে, মজিবর ওই পজিশনগুলো বিক্রির পর গ্রহীতাদের মালিকানা বুঝিয়ে দিয়েছেন। তার সাথে চুক্তি অনুযায়ী ৩ ব্যক্তিই দোকানের দখল বুঝে নিয়ে রমরমা ব্যবসা পরিচালনা করছেন। ইতোমধ্যে স্থানীয় ভূমি অফিসে লিজের মালিকানা পরিবর্তন করতে গেলে ঘটনাটি প্রকাশ পায়। বিধি মোতাবেক সরকারিভাবে লিজ দেয়া চান্দিনা ভিটি কোনোভাবেই অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার সুযোগ নেই।
এ বিষয়ে মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারি আবুল কাশেম বলেন, আমি এ বিষয়ে কথা বলব না। অন্তর জুয়েলার্সের মালিক রফিকুল ইসলাম গেদু বলেন, আমার মুরুব্বিদের সাথে পরামর্শ করে পরে আপনাকে জানাব। জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেওয়ান অল্প কিছু টাকায় মৌখিকভাবে পজিশন কেনার কথা স্বীকার করে বলেন, সিংগাইর ভূমি অফিসে নাম পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে।
অভিযুক্ত মজিবর রহমানের কাছে দোকানগুলো বিক্রি ও নাম পরিবর্তনের কথা জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, অগ্রিম টাকা নিয়ে পজিশনগুলো আমি ভাড়া দিয়েছি মাত্র।
স্থানীয় চারিগ্রাম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা খায়রুল বাশার বলেন, চান্দিনা ভিটির পজিশন বিক্রির কথা শুনে নবায়ণ স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান বলেন, সরকারি লিজ নেয়া জায়গা বিক্রি বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। চারিগ্রাম বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।