ময়মনসিংহের হালুয়াঘাটে বাসে ভুল করে উঠা এক নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে এ নিয়ে প্রেস ব্রিফিং করে থানা পুলিশ। এর আগে সোমবার ধারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার হওয়া ওই নারীর (২২) বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বালুকদার গ্রামে।

আর গ্রেফতার ব্যক্তি বাসচালক জাহাঙ্গীর আলম (৩১) গোবরাকুড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, ধর্ষিতা ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার উদ্দেশে ঘটনার দিন সকালে বাড়ি থেকে তার বৃদ্ধ নানার সাথে বের হয়। ময়মনসিংহ আসার পর তার নানা ভুল করে ঢাকার গাড়িতে না উঠিয়ে হালুয়াঘাটগামী ইমাম ট্রেইলওয়েজের এক বাসে তাকে তুলে দেন। এর কিছুক্ষণ পর বুঝতে পারে সে ঢাকার বাসে না উঠে ভুল করে হালুয়াঘাটের বাসে উঠেছে।

পরে বাসের ড্রাইভার গৃহবধূকে হালুয়াঘাট বাসস্ট্যান্ড গিয়ে ঢাকাগামী অন্য বাসে তুলে দেন। ঘটনাটি জেনে বাসচালক জাহাঙ্গীর আলম নারীর পিছু নেয়। এই গাড়িতে ঢাকায় গেলে অনেক দেরি হবে এবং তার গাড়ি রাত ৮টার মধ্যেই ঢাকা থাকবে বলে জানায়।

ওই নারী সরল বিশ্বাসে তার সাথে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর জাহাঙ্গীর আলম ওই নারীকে নিয়ে মুরগী মহলের পাশে নির্জন স্থানে দাড় করিয়ে রাখা ‘ঢাকা মেট্টো ব- ১৪-৯৬৫৮’ নম্বরের ইমাম বাসে উঠিয়ে বসতে বলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে ওই বাসের ড্রাইভার জাহাঙ্গীর বাসে উঠে গাড়ির দরজা বন্ধ করে ওই নারীকে জোড়পূর্বক ধর্ষণ করে। ওই নারী চিৎকার করতে চাইলে গলা চেপে ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষণের পর সে নারীকে বিয়ের প্রলোভন দেখায়।

১৯ অক্টোবর রাতে ওই নারী তার বাবাকে মোবাইলে বিষয়টি জানায়। ধর্ষণের শিকার ওই নারীর বাবা হালুয়াঘাট থানা পুলিশকে ঘটনাটি জানান। তাৎক্ষণিক থানা পুলিশ ওই নারীকে পাগলপাড়ার ভাড়া বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি অভিযান চালিয়ে সেই ইমাম বাস ও ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

প্রেস ব্রিফিংকালে ঘটনাটির বিস্তারিত ব্যাখ্যা দেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় হালুয়াঘাট থানায় ২০ অক্টোবর সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় একটি মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী। আজ দুপুরে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।