সিলেটের গোলাপগঞ্জে মেসেঞ্জারে কথা কাটাকাটির জেরে তাজেল আহমদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। নিহত তাজেল উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার রাতে আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারের শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চার-পাঁচ দিন আগে মেসেঞ্জারে কথা কাটাকাটি হয় উপজেলার কদমরসুল গ্রামের অপু আহমদের সাথে নিহত তাজেলের। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আমনিয়া বাজার এলাকায় অপু পাঁচ-ছয়জন যুবক নিয়ে তাজেলের ওপর হামলা চালিয়ে তাকে ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুঠিয়ে পড়ে তাজেল। এ সময় তাকে রক্ষা করতে একই এলাকার সফিক উদ্দিনের ছেলে তানভীর এগিয়ে এলে তাকেও দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত তাজেল ও তানভীরকে সিলেট ওসমানী মেডিক্যালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে মারা যায় তাজেল। এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করেন এবং আসামিদের আটকে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান।



