খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সামিম ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় এ ঘটনা ঘটে।

শিশু সামিম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মো: ইসলামের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে।

নিহত শিশু সামিমের নানা সোহরাব গাজী জানান, শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার ওপর দিয়ে চলে যায়।

তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান, খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।