ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতে মায়ের সাথে ঘুমিয়ে থাকা চার মাসের হাজেরা নামে এক নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে পুকুরে।
শনিবার (২১ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু হাজেরা বেগম বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজেরাকে সাথে নিয়ে শুক্রবার দিবাগত-রাতে ঘুমিয়ে ছিলেন তার মা রুমা বেগম। এ সময় তার ছয় বছরের আরেক মেয়ে পাশেই ঘুমিয়ে ছিল। রাত ২টায় ঘুম থেকে উঠে টয়লেটে যায়, সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাত ৫টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দরজা খোলা। পাশে তার শিশু সন্তান হাজেরা নেই। সন্তান পাশে না থাকায় চিৎকার শুরু করেন রুমা বেগম। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
রুমা বেগমের পরিবারসহ প্রতিবেশীরা শিশু হাজেরাকে খুঁজতে শুরু করে। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু হাজেরার লাশ পাওয়া যায়।
রুমা বেগম বলেন, সন্ধ্যায় আমার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ২টায় ঘুম থেকে উঠে টয়লেটে যাই। তারপর আবার ঘুমিয়েছিলাম। ভোর ৫টায় ঘুম থেকে ওঠে দেখি ঘরের দরজা খোলা, পাশে আমার ছোট সন্তান হাজেরা নেই। কিভাবে পুকুরে গেলো আমি জানি না। এই বলেই মেয়ের জন্য চিৎকার শুরু করেন।
চার মাসের নবজাতক শিশু হাজেরার মুত্যুকে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। চার মাসের শিশু কিভাবে পুকুরে গেলো এ বিষয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আক্কাস আলী জানান, শিশুটির মৃত্যু রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহত শিশুর মা রুমা বেগমকে।



