কুমিল্লার চান্দিনায় ট্রাক্টর চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো দুই যাত্রী।
রোববার সন্ধ্যার পর চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রাণীচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বুড়িমুড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাতুরাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আল-আমিন (৩২)।
সূত্রে জানা যায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা নবাবপুরগামী অটোরিকশাটিকে বিপরীতমুখী ট্রলিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আল-আমিন ও শাহিনুর আক্তার নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো দুই যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত আল আমিনের পরিবার সূত্রে জানা যায়, গত তিন বছর আগে আল-আমিন চান্দিনার নবাবপুর এলাকায় বিয়ে করেন। রোববার আল-আমিন নারায়ণগঞ্জ থেকে চান্দিনার মাধাইয়া স্ট্যান্ডে নেমে ওই অটোরিকশা যোগে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ট্রাক্টর চালককে শনাক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



