খুলনার পাইকগাছায় পূজায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলার কপিলমুনির সৌরভ দত্ত (২১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তালা উপজেলার জালালপুরের তালা-মাগুরা সড়কের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর সৌরভ উপজেলার কপিলমুনির প্রদীপ দত্তর ছেলে।
আহতরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিতদের ছেলে প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের ছেলে সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের ছেলে সোহাগ পাল (২৪)।
এ দিকে সৌরভের আকষ্মিক মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কপিলমুনি পূর্বপাড়া হরিসভা দূর্গাপূজা মণ্ডপের নবমী ও বিজয়া দশমীর সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা বর্জন করা হয়েছে। স্বল্প পরিসরে শুধুমাত্র স্বার্ত্তিক পূজা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিসপূজা মন্দির কমিটির সভাপতি জগদীশ দে।
তার মৃত্যুতে বিবৃতি দিয়েছেন মন্দির কমিটির সভাপতি জগদীশ দে, সহ-সভাপতি সুদাম পাল, শিবু দত্ত, সাধারণ সম্পাদক দেবাশীষ দে, গৌরাঙ্গ দত্ত, হিমাদ্রী শেখর দে, জগদীশ ভৌমিক, কৃষ্ণেন্দু দত্ত, অভিজিৎ দেবনাথ, সুমঙ্গল দত্ত, বিপ্লব দত্ত, দেবদাস সেন, গনেশ দত্ত, জ্যেতি দে, মানিক আঢ্য ও শুভঙ্কর দেসহ হরিসভা মন্দির কমিটির সকল পর্যায়ের নেতা ও স্থানীয় গ্রামবাসী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। একপর্যায়ে রাত ১টার দিকে তারা তালা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে সৌরভের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
এছাড়া আহত সীমান্ত সিংহ (২৫), প্রদীপ দে (২৯) ও সোহাগ পালকে (২৪) তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার আম্বিয়া সুলতানা।
আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



