জামালপুরের দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানচালক আশরাফুল ইসলাম (১৫) ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর এলাকার আব্দুর রশিদ মাস্টারের গোডাউনের পেছনে জঙ্গলে তার লাশ পাওয়া যায়।

আশরাফুল দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী নয়া দিগন্তকে জানান, ২২ অক্টোবর রোববার রাতে অটোভ্যান চালক আশরাফুল ইসলাম ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন নানাস্থানে খোঁজেও তাকে পায়নি। এ দিকে নয়ন (২২) নামে জামায় রক্তমাখা এক যুবকের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। নয়ন পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামের মোহন মিয়ার ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদে আশরাফুলকে হত্যার কথা স্বীকার করলে নয়নকে নিয়ে লাশ উদ্ধারে বের হয় পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর এলাকার আব্দুর রশিদ মাস্টারের গোডাউনের পেছনে জঙ্গলে আশরাফুলের লাশ পাওয়া যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী নয়া দিগন্তকে আরো জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।