চারদিন বন্ধ থাকার পরপুনরায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে আমাদানি-রফতানি চালু হওয়ায় কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে দু’বন্দর এলাকায়।
জানা যায়, ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ২১ অক্টোবর সকাল থেকে ২৪ অক্টোবর পর্যস্ত চার দিন আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।
তবে এ চারদিন বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি ও বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ ছিল। পূজা শেষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বানিজ্য চালু হয়েছে।



