বগুড়ার শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর আব্দুল মান্নান (৩৮) নামের এক চাতালশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে বাড়ির পাশে আন্দিকুমড়া চাতালের ওপর থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

তিনি শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মরহুম মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাতালশ্রমিক আব্দুল মান্নান গত ২১ অক্টোবর সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে নিখোঁজ ছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাত ৩টার দিকে স্থানীয়রা শামছুল মেলেটারীরর চাতালের ওপর পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার শাহা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে গ্যাসট্যাবলেট খেয়ে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।