হবিগঞ্জ জেলাজুড়ে বৃদ্ধি পেয়েছে ভুল চিকিৎসায় অপমৃত্যুর ঘটনা। ডাক্তার পদবি ব্যবহার করে প্রতারণা করার অভিযোগও পাওয়া গেছে। আর এসব প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ দিতে হচ্ছে গ্রামগঞ্জের সহজ সরল সাধারণ মানুষকে।
অভিযোগ রয়েছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ডা: বিউটি আক্তারের অপচিকিৎসায় নবজাতকসহ আসমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে নতুন ব্রিজ শিমুলতলা এলাকার ফুল মিয়ার মেয়ে আসমা আক্তারের (৩০) প্রসব ব্যথা উঠলে গাইনি ডাক্তার বিউটি আক্তারকে নেয়া হয় তার বাড়িতে। তিনি বাড়িতে গিয়ে নরমালে ডেলিভারির চেষ্টা করেন। একপর্যায়ে টানাহেঁচড়া করে প্রসব করাতে গেলে আসমার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতকের মৃত্যু হয়। এরপর তিনি কিছু ওষুধ লিখে দিয়ে চলে যান এবং তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। হাসপাতালে নেয়ার পরও অতিরিক্ত রক্তক্ষণে আসমার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, ডেলিভারির সময় আসমার জরায়ূ ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নবজাতকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ডা: বিউটি জানান, তিনি গাইনি প্রশিক্ষণপ্রাপ্ত। ভালোভাবে ডেলিভারি করিয়েছেন। মা ও নবজাতক সুস্থ ছিল। তিনি আসার পর তারা অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে। তিনি কোনো ভুল চিকিৎসা করেননি।
এ দিকে আসমার বাবা ফুল মিয়াসহ তার স্বজনরা আসমা ও নবজাতক শিশুকে হারিয়ে পাগল প্রায়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।