জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল এলাকার ডাকাত দলের সরদার আব্দুস সাত্তারকে (৬২) গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ। পুলিশ সুপার মো: কামরুজ্জামান সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার মৃত মহির উদ্দিন মইনের ছেলে।
পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং তার অবস্থান নিশ্চিত হয়ে ছদ্দবেশে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নে দেওয়ানগঞ্জ-ফুলছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ডাকাত দলের সরদার আব্দুস সাত্তারের বিরুদ্ধে ইসলামপুর উপজেলার চরবরুল এলাকায় জৈনক আবু তালেবের দোকানের ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করাসহ ফুলছড়ি এবং জামালপুরের ইসলামপুর, বকশিগঞ্জ থানায় একাধিক হত্যা, গরু চুরি ও ডাকাতি মামলায় রয়েছে। ইসলামপুর থানায় তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ সাতটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান আরো বলেন, গ্রেফতার ডাকাত আব্দুস সাত্তার যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। তিনি ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন বলে জনশ্রুতি রয়েছে। যার কারণে তার বিরুদ্ধে কথা বলতে পারতো না কেউ। যতটুকু জেনেছি, তার আটকের খবরে ওইসব চরাঞ্চলের মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। তার অন্য সহযোগীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।



