ফরিদগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ির সামনের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফনিসাইর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আব্দুর রহমান (২৮) এবং একই গ্রামের ইমাম হোসেনের ছেলে মো: সোহাগ (২২)।
নিহত আব্দুর রহমানের সহপাঠী রাজিব ও স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ীক কাজে সোহাগকে সাথে করে মোটরসাইকেল নিয়ে বের হন আব্দুর রহমান। চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় তার (আব্দুর রহমান) মোটরসাইকেল। এ সময় অটোরিকশাটি পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে আব্দুর রহমান ও সোহাগ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ কাজল জানান, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দু’যুবককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শেখ মুহসীন আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



