ফরিদপুরের সালথায় পরিবারের ওপর অভিমান করে সোমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের মিরেরকান্দী গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমা মিরেরকান্দী গ্রামের ফরহাদ মোল্যার একমাত্র মেয়ে। সে বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ জানান, সোমা খুব রাগী ও জেদি ছিল। কথায় কথায় পরিবারের সাথে ঝগড়ায় লিপ্ত হতো। তবে ঝগড়া করে বেশির ভাগ সময়ই নিজ ঘরে দরজা আটকিয়ে ঘুমিয়ে থাকত। আবার ঘুম থেকে ওঠে স্বাভাবিক হয়ে যেত। শুক্রবার বিকেল ৪টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সোমা মায়ের সাথে ঝগড়া করে প্রতিদিনের মতো দরজা আটকিয়ে দেয়। পরিবারের সবাই ভেবেছিল অন্য দিনের মতো আজো সে রাগ করে দরজা আটকিয়ে ঘুমিয়ে আছে। পরবর্তীতে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সোমাকে ঝুলতে দেখা যায়।
সালথা থানার এসআই তন্ময় চক্রবর্তী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।