নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে এক যুবকের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টায় সাতপাইকা গ্রামের সাতপাইকা পুর্বপাড়া পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের ধানের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা ও ওয়ার্ড মেম্বার মোঙ্গল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঙ্গল মিয়া ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের সাতপাইকা পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের ধানের জমিতে ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা ও শিবপুর মডেল থানায় খবর দেই।
এলাকাবাসীর ধারণা, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, কী কারনে এ হত্যাকাণ্ডটি হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, আমরা তদন্ত করছি। রহস্য আমরা উদঘাটন করবো এবং জড়িতদের আইনের আওতায় আনবো।



