লালমনিরহাটে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপির ডাকা হরতালে আওয়ামী লীগ-বিএনপিকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের (৪৫) মৃত্যুর সংবাদের পর রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে, বিকেল ৫টায় শহরের বিডিআর গেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশের পরেই একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশ শেষ হওয়ার পরপরই যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের মিশন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও বিএনপির কয়েকটি অফিসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
ঘটনর পর থেকে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।



