যশোরের চৌগাছার পুড়াপাড়া কাটগড়া ডা. সাইফুল ইসলাম কলেজের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাটগড়া সরকারি বাওড় সংলগ্ন মহিষখোলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভিক্টিম ওই কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষক সুশান্ত দাস চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের সুকদেব দাসের (গ্রাম পুলিশ) ছেলে। তিনি একই কলেজের এইচএসসি ফলপ্রার্থী সুশান্ত দাস (২০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডা. সাইফুল ইসলাম কলেজের এইচএসসি ফলপ্রার্থী সুশান্ত দাস ওই ছাত্রীকে ফুসলিয়ে কাটগড়া সরকারি বাওড় সংলগ্ন মহিষখোলা ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে মেয়েটি বাঁধা দিলে তাকে মারপিট করে ও হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল ৪টা ২০ মিনিটে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা বলেন, ভিকটিম ধর্ষণের শিকার হয়েছেন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার পিওতে আমি গিয়েছিলাম। স্থানটি মহেশপুর উপজেলার মধ্যে। তাই আটক যুবককে মহেশপুর থানায় পাঠানো হয়েছে। মামলা সেখানেই হবে।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।