চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় ছেলেকেও গুরুতর জখম করা হয়। নিহতদের নাম আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী খতিজা বেগম জুলেখা (৫৫)। আহত ছেলে জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে সরফভাটা ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে রাত সাড়ে ১০টায় দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ আমির হোসেনকে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে রাত ৩টায় বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী খতিজা বেগম জুলেখা গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মো: মোবারক বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।