মাগুরার মহম্মদপুরে আগামী ৪ নভেম্বর (শনিবার) ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকা বাইচ। প্রতি বছর মাগুরাসহ পাশের কয়েক জেলার লাখো দর্শক এ বাইচ উপভোগ করেন। এ বাইচকে ঘিরে উপজেলার মানুষ উৎসবে মেতে ওঠেন। তবে প্রতিযোগিতায় দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আদেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল লেখেন, যেহেতু, প্রতিবারের ন্যায় এবারো এ উপজেলায় মধুমতী নদীতে বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এবং বর্ণিত প্রতিযোগিতায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং আমার উপলব্ধি জন্মেছে যে নৌকা বাইচ চলাকালীন উল্লিখিত মধুমতি নদীর দু’পাড়ে যেখানে প্রতিযোগিতার নৌকা ছাড়া ও শেষ হবে সেখানে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার সমূহ সম্ভাবনা বিদ্যমান। সেহেতু আমি পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ৪ নভেম্বর (শনিবার) নৌকা বাইচ চলাকালীন নৌকাবাইচ সীমানার মধ্যে অনুমোদিত ট্রলার ও নৌকা ব্যতীত সকল প্রকার নৌ-যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করলাম।

আরো উল্লেখ থাকে যে, বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে। সেক্ষেত্রে মেলায় খাজনা বা চাঁদা আদায় থেকে সকলকে বিরত থাকার জন্য আদেশ দেয়া হলো। মেলায় কোনো প্রকার খাজনা বা টোল আদায় করা যাবে না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই নৌকা বাইচ চলাকালীন সময়ে গোপালনগর বালুচর হতে মহম্মদপুর থানা ঘাটা সীমানার মধ্যে অনুমোদনহীন কোনো ট্রলার নৌকা বা অন্য কোনো যান চলাচল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।