ময়মনসিংহর নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক নয়া দিগন্তের নান্দাইল উপজেলার সংবাদদাতা মরহুম ফজলুল হক ভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা চৌরাস্তায় নান্দাইল প্রেসক্লাব ও সদরে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের আলাদা আয়োজনে মরহুম সাংবাদিকের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এছাড়াও মরহুমের গ্রামের বাড়িতে ইয়াতিম, মাদরাসার ছাত্রদের খাবারের আয়োজন করা হয় ও চন্ডিপাশা ইউনিয়নের মসজিদ মাদ্রাসায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

জানা গেছে, বাদ মাগরিব নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা শামিল হন ও মরহুমের ছেলে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি ফজলে আরাফাত হৃদয়সহ নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতারা মিলাদ মাহফিলে যোগদান করেন।

মোনাজাত পরিচালনা করেন নান্দাইল প্রেসক্লাবের অডিটর সিনিয়র শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন।

এর আগে আসর নামাজ বাদ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ সময় উপস্থিত বক্তারা মরহুম ফজলুল হক ভূইয়ার সাংবাদিকতার জীবনের স্মৃতিচারণ করেন। এতে বক্তব্যে তার সাংবাদিকতা জীবনে সত্যবাদিতা, ন্যায়পরায়নতা ও আদর্শের কথা উঠে আসে।

এ সময় উপস্থিত ছিলেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াসউদ্দিন রঞ্জু ফকির, মানবজমিনের নান্দাইল উপজেলা প্রতিনিধি হাজী রফিকুল ইসলাম খোকন, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটনসহ মরহুম সাংবাদিক ফজলুল হক ভূইয়ার ছেলে ও দৈনিক নয়া দিগন্তের নান্দাইল প্রতিনিধি ফজলে আরাফাত হৃদয়সহ অন্যান্য সাংবাদিক ও ভক্তবৃন্দ।

উল্লেখ্য, ফজলুল হক ভূইঁয়া ২০২২ সালের ২ নভেম্বর প্রেসক্লাবে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।