পিরোজপুরের মঠবাড়িয়ায় আশীষ কুমার হাওলাদার নামে এক কাতার প্রবাসী আদম ব্যাপারীর খপ্পরে পড়ে কাতারে গিয়ে প্রতারিত ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছে মঠবাড়িয়া ও পাথারঘাটার ১৩ তরুণ। এদের ১০ জন মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামের ও তিনজন পাশের পাথরঘাটার চরদুয়ানী গ্রামের বাসিন্দা। ওই আদম ব্যাপারী গত সাত বছর ধরে কাতারের সসানাইয়া নামক এলাকায় ৫৭ নং আলবানা স্ট্রিটের ৩৬ নং বাসায় থেকে আদম ব্যবসার অন্তরালে প্রতারণা চালিয়ে আসছেন।
এক লাখ টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ওই আদম ব্যাপারী ভুক্তভোগী তরুণদের কাছ থেকে অর্থ ও জমি লিখে নেন এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে তাদের কাতার নিয়ে যান। সেখানে তাদের কোনো কাজ না দিয়ে প্রচণ্ড মারধর করে ফের দেশে পাঠিয়ে দেন। প্রতারণা ও নির্যাতনের শিকার এসব তরুণ ও তাদের পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার মঠবাড়িয়া প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন এবং ওই প্রতারকের বিচার চান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রতারিত পরিবারের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুদর্শন পাইক, ভুক্তভোগী মঠবাড়িয়ার দক্ষিণ সোনাখালী গ্রামের তরুণ সমীর হালদার, রাজিব মিস্ত্রি, প্রীতম গাইন, কিশোর গোলদার, পাশের পাথরঘাটার চরদুয়ানী গ্রামের তরুণ পবিত্র গোলদার ও মিন্টু অধিকারী।
প্রতিবাদ সভায় তারা জানান, মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সতীশ হাওলাদারের ছেলে কাতার প্রবাসী আশীষ হাওলাদার ও তার স্ত্রী নূপুর হালদার মিলে মঠবাড়িয়া, পাথরঘাটাসহ উপকূলীয় এলাকা থেকে ৪০-৫০ জন বেকার তরুণকে কাতারে লোভনীয় বেতনে চাকরি দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আট লাখ করে টাকা নেন। যারা টাকা দিতে পারেননি তাদের কাছ থেকে জমি লিখে নেন। পরে তাদের কাতার নিয়ে এক মাস রাস্তা ক্লিনার ও পরিবহনে মালামাল লোড-আনলোডের কাজ করান। এক মাস পর তরুণরা সবাই কর্মহীন হয়ে নিদারুণ অর্থকষ্ট ও খাদ্যসঙ্কটে পড়ে মানবেতর জীবন যাপন করতে থাকেন। একপর্যায়ে আশীষ কর্মহীন এই তরুণদের মারধর করেন এবং মানসিক নির্যাতন চালাস। বিপাকে পড়া এ তরুণরা পরে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে দেশ থেকে অর্থ এনে প্রাণভয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন।
এ ব্যাপরে মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, আদম ব্যাপারীর খপ্পরে পড়ে প্রতারণার শিকার তরুণরা থানায় এসে মৌখিক অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি কাতারে অবস্থান করছে। প্রতারিত তরুণদের জনশক্তি কর্মসংসস্থান ব্যুরোতে অভিযোগের প্রাথমিক পরামর্শ দেয়া হয়েছে।



