যশোরের অভয়নগরে 'চরমপন্থী' দলের সদস্য চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমান (৪০) খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে তাকে হত্যা করে। ঘটনাটি ঘটেছে অভনগরের রানাগাতি উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে। এ সময় জিয়াউর রহমান ওই চায়ের দোকানে চা পানের জন্য এসেছিলেন বলে জানা গেছে। নিহত জিয়াউর রহমান একই গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতে জিয়াউর রহমান স্থানীয় জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় কয়েক ব্যক্তি ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের ওপর ককটেল নিক্ষেপ করেন। এতে জিয়াউর রহমান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ককটেলটি তার পেটে লাগায় ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে বলে জানায় স্থানীয়রা।

এদিকে ককটেল বিস্ফোরনের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে। হত্যাকারীদের দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে।

ওসি জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে থানায় কমপক্ষে চারটি মামলা রয়েছে।