রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে মো: জামাল হোসেন (৪১) নামে টেক্সটাইল মিলের এক কর্মচারীকে চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে ও বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেছে। এতে ভুক্তভোগীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) ডেমরা থানায় অভিযুক্ত পাঁচজনকেসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন জামাল। এর আগে গত ২ নভেম্বর দুপুরে ডেমরার বড়ভাঙ্গা এলাকার নেওয়াজ টেক্সটাইল মিলের পেছনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন বড়ভাঙ্গা-ডগাইর এলাকায় বসবাসরত কুমিল্লার বড়ুরা থানা এলাকার মরহুম কাজু মিয়ার ছেলে মো: মঞ্জু (২৬), তার ভাই মো: মনির (৩৮), মো: শাওন (২২), তাদের সহযোগী বড়ভাঙ্গা এলাকায় বসবাসরত মো: রুবেল (২৮) ও মরহুম মো: মামুনের ছেলে মো: প্রান্ত (২৭)।

ভুক্তভোগী জামাল জানান, পূর্ব পরিকল্পিতভাবে ওই সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। এ সময় মঞ্জু চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয় ও বাকিরা এলোপাথারী মারধর করে। এদিকে আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা মারার হুমকি দিয়ে আমার পকেটে থাকা পাঁচহাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম বলেন, ওই ঘটনার তদন্ত সাপেক্ষে মামলা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।