কেন্দ্রের মতোই বরিশাল বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের অনেকেই এখন কারাগারে। তবুও গ্রেফতার এড়িয়ে চলছে সরকার পতনের চলমান আন্দোলন। ৩০ অক্টোবর সোমবার বিকেলে বরিশাল নগরীর বাসা থেকে গ্রেফতার করা হয় মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে। এ ঘটনার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সেদিন রাতেই নগরীর পোর্টরোডে বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত।

অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর মঙ্গলবার ভোরে নগরীর সিঅ্যান্ডবি রোডে মিছিল করার সময় গ্রেফতার হন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল। এ ছাড়াও ২৮ অক্টোবরের পর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার ভোর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বরিশাল বিএনপির ‘অভিভাবক’ হিসেবে পরিচিত দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ারকে। তিনি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশের হামলায় আহত হয়েছিলেন।

বরিশাল বিএনপি-জামায়াতের সিনিয়র নেতাদের অনেকেই পুলিশের হাতে গ্রেফতার হয়ে এখন কারাগারে থাকলেও সরকার পতনের আন্দোলন থেমে নেই বলে মন্তব্য করেছেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, তিনি বলেন, বিএনপির প্রথম সারির নেতারা গ্রেফতার হলেও দ্বিতীয় সারির নেতারা এখন আন্দোলনের হাল ধরেছেন। বিএনপি গণ-মানুষের দল, গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
গত বৃহস্পতিবার বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এর বাইরে নগরীর বটতলা ও বান্দ রোড এলাকায় মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়াও বরিশাল-ভোলা সড়কসহ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর অনুসারীরা। তবে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ পদধারী কোনো নেতাকে চলমান অবরোধ কর্মসূচিতে দেখা যায়নি।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর জাহিদুল কবির বলেন, পুলিশের গ্রেফতার এড়িয়ে আমরা মাঠে আছি এবং মাঠে থাকব। আমাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবরোধের পক্ষে নিয়মিত কর্মসূচি পালন করছেন। কর্মসূচি পালনকালে অনেকে গ্রেফতারও হয়েছেন, তবে গ্রেফতার করে ও মামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান বলেন- সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আমাদের আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি আমরা বরিশালে যথাযথভাবে পালন করছি।