কিশোরগঞ্জের ভৈরব বিএনপির ৫ নেতাকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জিন্দাবাজারের একটি বাসা থেকে পাঁচ নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতার নেতারা হলেন ভৈরব পৌর বিএনপির আহ্বায়ক হাজী মো: শাহিন, সদস্য সচিব ভিপি মো: মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো: জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আল-মামুন।

সিলেটের একটি বাসা থেকে বিএনপির পাচঁ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

উল্লেখ্য, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় বিএনপি রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। তবে রোববার দুপুর পর্যন্ত সড়কে দেখা যায়নি অবরোধ ও হরতালকারী নেতাকর্মীদেরকে।

অপরদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করেছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হরতালের মধ্যেও ভৈরবে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিকশা ও অটোসহ ছোটবড় ব্যক্তিগত যানবাহন চালাচল করতে দেখা গেছে সড়কে। এছাড়া ভৈরবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।