খাগড়াছড়িতে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে ট্রাকে আগুন দেয়াসহ পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির জিরো মাইল-সংলগ্ন আলুটিলা এলাকায় একটি ট্রাকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।

সকাল সোয়া ১০টায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের সিঙ্গিনালা এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে অবরোধের সমর্থনের মিছিল করে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রাকের আগুন নির্বাপণ করে।

এছাড়া বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে অবরোধ করছে বলে খবর পাওয়া গেছে। অবরোধের কারণে আভ্যন্তরীণ ও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির গণমাধ্যম বিভাগ থেকে প্রেরিত তথ্যে জানা গেছে, হরতাল ও চলমান অবরোধে খাগড়াছড়ির আটটি উপজেলায় প্রায় চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক আটটি মামলা হয়েছে। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বহু অজ্ঞাতনামা আসামিও রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা করে একটি পক্ষ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।