খুলনার ডুমুরিয়ায় একটি আলম-সাধুর মুখোমুখি ধাক্কায় ভ্যানচালক জাহাতাব মোল্লা (৪৫) নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার মিকশিমিল সড়কে খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার মোল্লার ছেলে ভ্যানচালক জাহাতাব মোল্লা।

আর আহতরা হলেন তার ভ্যানের যাত্রী একই উপজেলা এলাকার আসাদ তরফদার (৪২) ও কামাল তরফদার (৪৫)। এছাড়া আলম সাধুচালক তৈয়েবুর শেখ (২০) কিছুটা আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে একটি খালি (স্যালো ইঞ্জিন চালিত বড় ভ্যান) আলম-সাধু দ্রুতগতিতে ডুমুরিয়া থেকে মিকশিমিলের দিকে যাচ্ছিল। ওই সময় ডুমুরিয়া সদর ইউনিয়নের খাজুরা মসজিদের সামনের সড়কে কিছুটা নিচু-স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আলম সাধুর ব্রেক ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিকে মুখোমুখি আঘাত করে।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম তার দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, আলম-সাধু-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহতের ঘটনায় মামলা নিয়ে আলম সাধুচালক তৈয়েবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।