লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী গত শনিবার বিকেলে পৃথক দু’টি স্থানে পাল্টাপাল্টি শান্তি সমাবেশ করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। দুই মনোনয়ন প্রত্যাশী হলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূলের বর্ষীয়ান নেতা রুহুল আমিন বাবুল এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য ও সোনালী ব্যাংকের সাবেক এমডি (সিইও) আতাউর রহমান প্রধান।
আতাউর রহমান প্রধান গত শনিবার বিকেলে শান্তি সমাবেশ করেন তারই প্রতিষ্ঠিত বুড়িমারী ইউনিয়নে পাটগ্রাম বুড়িমারী সড়কের পাশে আমানতুল্লা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ে। অন্য দিকে রুহুল আমিন বাবুলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় পাটগ্রাম পৌর শহরের টিএন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে।
জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাটগ্রাম হাতীবান্ধা আসনে ওই দু’জন ছাড়াও মনোনয়ন প্রত্যাশী রয়েছে আরো একজন। তিনি হলেন- বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন। এই তিনজনই নৌকার টিকিট পাবেন বলে আশাবাদী। ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছেন তারা।