গাজীপুরের টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ আ: মোতালেব (৩০) নামে একজনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় গাঁজা বহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার ভোররাতে টঙ্গীর আউচপাড়া থেকে পুলিশ এসব আটক করে।
আটক মোতালেব চাঁদপুর জেলার কচুয়া থানার কাদলা পশ্চিম পাড়া বেপারী বাড়ির আ: গফুরের ছেলে। তিনি ঢাকার নিকুঞ্জ-১ এলাকায় মান্নান প্লাজার পাশে একটি কোচিং সেন্টারের সাথে বসবাস করতেন।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মুক্তার বাড়ি রোড এলাকায় শামসুল হক খন্দকারের বাড়ির পাশে হক জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ -১২-৯৪৬১ তল্লাশি করা হয়। এ সময় পাঁচ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৯ কেজি গাঁজাসহ মোতালেবকে আটক করা হয়। গাড়ি আটক করার সময় কালাম নামে এক সহযোগী পালিয়ে যায়। পুলিশ গাড়ি জব্দ করে গাজাসহ আসামিকে থানায় নিয়ে আসে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।



