জামালপুরের দেওয়ানগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় শিপন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের কাজলাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গুচ্ছ গ্রামের বাচ্চু শেখের ছেলে।

জানা গেছে, শিপন সকালে মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি ও দরকারি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এ সময় কাজলাপাড়া মোড়ে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে ছেলেটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন, শুনেছি তিনি ভালো চালক ছিলেন না। তার মোটরসাইকেলেই তার দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের লিখিত অনুরোধক্রমে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।