পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির সেপটিক ট্যাংকে মাটি চাপা অবস্থায় চিন্তা মনি (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার মধ্যে পাড়ায় দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে লাশ উদ্ধার করা হয়।

চিন্তা মনি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার পরলোকগত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে মাটি ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মাটি সরালে চিন্তা মনির লাশ দেখতে পাওয়া যায়। সেপটিক ট্যাংকের পাশেই টিউবওয়েল ও রান্নার চুলা ছিল। টিউবওয়েলের ব্যবহৃত পানি সেই সেপটিক ট্যাংকে গিয়ে পড়ত।

লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছা: রুনা লায়লা ও দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘লাশ পোস্টমর্টেমে পাঠানো হবে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’