রাজশাহীর পুঠিয়ায় ভারতে চিকিৎসাধীন রাসেলকে (৩৩) নাশকতা মামলার আসামি করা হয়েছে। তিনি পুঠিয়ার বিড়ালদহ এলাকার আব্দুর রশীদের ছেলে।
একই মামলার আসামি মো: ভুলু (৫৫) নামের একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএনপির অবরোধ চলাকালে রোববার পুঠিয়ার বিড়ালদহে লোহার ব্রিজের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করার দায়ে রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন ভূট্টোসহ স্থানীয় ১০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি নাশতার মামলা করে পুঠিয়া থানা পুলিশ। এই মামলায় আরো ১৭০ থেকে ১৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার কারণে পুঠিয়া বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে।
এদিকে এই মামলায় ভারতে চিকিৎসাধীন রাসেল নামের একজনকে আসামি করা হয়েছে। এতে তার পরিবার ও আত্মীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাসেলের বাবা আব্দুর রশীদ জানান, তার ছেলে অসুস্থ। সে চিকিৎসার জন্য ১৫ দিন ধরে ভারতে অবস্থান করছে। অথচ তাকে নাশকতা মামলার আসামি করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রোববার কিছু মানুষ ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহে লোহার ব্রিজে টায়ার জ্বালিয়ে নাশকতার সৃষ্টি করে। এই ঘটনায় মামলা করা হয়েছে। তবে ভারতে চিকিৎসাধীন রাসেলের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।



