জামালপুরে জেলা কারাগারে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত দুই কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার দিবাগত রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
মৃতরা হলেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কয়লাকান্দি এলাকার শাহীন হাওলাদার (৪০) মাদক মামলার আসামি ছিল।
অপর জন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শ এলাকার ইয়াকুব আলী (৬৫)। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
তারা কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কারা সূত্রে জানা যায়, কারাবন্দী শাহীন হাওলাদার ও ইয়াকুব আলী রাতে অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪৬ মিনিটে শাহীন হাওলাদার মারা যান। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মারা যান ইয়াকুব আলী। শাহীন হাওলাদার মাদক মামলায় কারাবন্দী ছিলেন। ইয়াকুব আলী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
মৃত শাহীনের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার স্বামীকে রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশে বাড়ি ধরে নিয়ে যায়। সেই সময় আমার স্বামীর কাছে কোনো মাদক ছিল না। সোমবার রাতে জেলখানা থেকে ফোন দিয়ে বলেন, আমার স্বামী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত বলেন, রাতে দুই কারাবন্দী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একজনের শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। অন্যজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।



