জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দক্ষিণ কুশলনগরের গোপালনগর দত্তপাড়া গ্রামে ৪৩ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এরশাদ উল্লাহ সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ইসলামপুর উপজেলার সহস্রাধিক পরিবারের কয়েক হাজার মানুষকে চলাচলে চরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, বকশিগঞ্জ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী টানা ব্রিজ আনন্দ বাজার থেকে পুরাতন ঈদগাহ রাস্তার গোপালনগর দত্তপাড়া নামক স্থানে এরশাদ উল্লাহ সেলিম নামে এক ব্যক্তি গ্রামীণ রাস্তাটিসহ ৫০ ফুট এলাকা নিজের জমি দাবি করে সিমেন্টের খুঁটি ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে ইসলামপুর উপজেলার কুশলনগর অংশের মানুষের অর্ধশত বছরের চলাচলের রাস্তাটি কার্যত বন্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে স্থানীয় বাসিন্দা রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাতেম আলী নিজস্ব অর্থায়নে রাস্তাটি কাটার উদ্যোগ নিয়েছেন। এতে বাধা দেন এরশাদ। ফলে দুই উপজেলার দু’টি ইউনিয়নের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
রূপালী ব্যাংকের অফিসার স্থানীয় বাসিন্দা হাতেম আলী বলেন, এলাকাবাসীর চলাচলে সুবিধার জন্য ভাঙ্গাচুড়া রাস্তায় নিজস্ব অর্থে মাটির কাজ শুরু করেছিলাম। কিন্তু সেলিম বাঁধা দেয়ায় বর্তমানে কাজটি বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ, পথচারী যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সেলিম নামে এক ব্যক্তি রাস্তা বন্ধ করায় হাজার হাজার মানুষ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ছে। তারা স্থানীয় সরকার ও প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে বিরোধ মিটিয়ে তাদের চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।