জামালপুরে জেলা কারাগারে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। তারা কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মৃতরা হলেন- উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কয়লাকান্দি এলাকার শাহীন হাওলাদার (৪০) তিনি মাদক মামলার আসামি ছিলেন। অপরজন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শ এলাকার ইয়াকুব আলী (৬৫)। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত দুই কারাবন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কারা সূত্রে জানা যায়, কারাবন্দী শাহীন হাওলাদার ও ইয়াকুব আলী রাতে অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টা ৪৬ মিনিটে শাহীন হাওলাদার মারা যান। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মারা যান ইয়াকুব আলী। শাহীন হাওলাদার মাদক মামলায় কারাবন্দী ছিলেন। ইয়াকুব আলী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
মৃত শাহীনের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার স্বামীকে রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সেই সময় আমার স্বামীর কাছে কোনো মাদক ছিল না। গত সোমবার রাতে জেলখানা থেকে ফোন দিয়ে বলেন, আমার স্বামী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত বলেন, হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। একজনের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। অন্যজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।