দৈনিক নয়া দিগন্ত অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর বাড়ি ফিরেছেন পথভোলা বৃদ্ধ সেই আনসার আলী (৭৭)।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গী থানা থেকে স্বজনরা আনসার আলীকে বাড়িতে নিয়ে যান।
এর আগে ‘পথভোলা বৃদ্ধ আনসার আলী বাড়ি ফিরতে চান’ শিরোনামে তাকে নিয়ে নয়া দিগন্তে একটি সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে মানসিক ভারসাম্যহীন আনসার আলী পথ ভুলে বালিয়াডাঙ্গী বাজারে আসেন। সে সময় তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে বলেন, তার নাম আনসার আলী। বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। এর বেশি বলতে পারেননি। এই পরিস্থিতিতে সেখান থেকে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়। পরে আজ বুধবার সকালে আনসার আলীর শ্যালক ও গ্রাম পুলিশ আব্দুল মজিদ সকালে থানায় এসে তাকে বাড়িতে নিয়ে যান।
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা শহরের মরহুম তাহির উদ্দীনের ছেলে বৃদ্ধ আনসার আলীর শ্যালক আব্দুল মজিদ বলেন, আমার দুলাভাই বৃদ্ধ আনসার আলী এক সপ্তাহ আগে বাড়ি থেকে বীরগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়ে পরে আর বাড়িতে ফেরেননি। এরপর আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। এরই মধ্যে গত মঙ্গলবার দৈনিক নয়া দিগন্ত অনলাইন পত্রিকার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে পড়লে মুঠোফোনে নিশ্চিত হবার পর বালিয়াডাঙ্গী থানায় ছুটে আসি। পরে দুলাভাইয়ের সন্ধান পেলাম। দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, পথভোলো বৃদ্ধ আনসার আলীকে বিধি মোতাবেক তার শ্যালক গ্রাম পুলিশ আব্দুল মজিদের জিম্মায় হস্তান্তর করা হলে তাকে নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।



