বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক দীর্ঘদিন ধরে কারান্তরীণ আসলাম চৌধুরীর একটি ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার ফৌজদারহাটের জলিল গেইটস্থ সোনালী সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা সিএনজি ফিলিং স্টেশনের সাইন বোর্ড, অফিস, অফিসের দরজা ও জানালার গ্লাসও ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেলও ছুড়ে মারে অফিসে।
বিষয়টা নিশ্চিত করে সোনালী সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা সার্ভিস ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, বুধবার সকাল পৌনে ৬টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে সাত-আটজন মুখোশধারী যুবক এসে ফিলিং স্টেশনে ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিসের সাইবোর্ড, অফিসের দরজা জানালার গ্লাস ভাঙচুর করে বেশ ক্ষয়ক্ষতি করে পালিয়ে যায়। এ দিকে আসলাম চৌধুরীর ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল হক চৌধুরী।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ফিলিং স্টেশনে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।



