বিএনপির তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসছিল। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। আগুনে গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। তবে ভ্যানটির চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় তারা আহত হননি। এদিকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দেয়াসহ বাঁশ-গাছ ফেলে পিকেটিং করেছে। দূরপাল্লার রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি কোনো বাস। তবে শহরের অভ্যন্তরীণ যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশি ব্যবস্থা জোরদার রয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া জানান, সকালে পণ্যবাহী পরিবহন সংস্থা ফাইভ স্টার সার্ভিসের কর্ভাড ভ্যানটি মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে আলুটিলা ওঠার সময় দুষ্কৃতকারীরা কভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।