জামালপুরের ইসলামপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত নাছির উদ্দিন ওই গ্রামের মরহুম অহেজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাছির উদ্দিনের সাথে তার বোন রাহেলা বেগম এবং মা হেনা বেগমের একটি গরু নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার সময় লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নাছির উদ্দিনকে।

এ সময় নাছির উদ্দিনকে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, 'আমি একটি গাভী গরু দান করেছিলাম মেয়ে জামাই নাছির উদ্দিনকে। গরুটি চুরি করে নিয়ে যায় নাছিরের বোন রাহেলা তার স্বামীর বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায় নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমিসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেয়ার অভিযোগ তুলে আদালতে একটি মামলা করেছে রাহেলা তা মা হেনা বেওয়া। এ নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে নাছির উদ্দিনকে বুধবার দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে তার মা বোন ও চাচাত ভাই হজরত আলীসহ আরো কয়েকজন।

নিহত নাছির উদ্দিনের ছেলে নিয়ামুল হক বলেন, আব্বার ওপর দেশীয় অস্ত্রে হামলা করে ফুফু রাহেলা, হজরত আলী ও তার লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। এতে আমার বাবা মারা যান।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো: সালাউদ্দিন বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে নাছির উদ্দিন নামে এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, খবর পেয়ে হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অপর একটি সুত্র জানায়, নাছিরের শ্বশুরবাড়ি থেকে একটি গরু দান করেছিল। গত বছর নাছিরের স্ত্রী মারা যায়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে।

স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে যান নাছির। তাই শ্বশুরবাড়ির দানের গরুটি তার পক্ষে লালন পালন করা সম্ভব না হওয়ায় গরুটি ছোট বোন রাহেলার নিকট আদি (বর্গা) দেয়। রাহেলার শ্বশুরবাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়।

সম্প্রতি নাসির গরুটি ফেরৎ আনতে গেলে রুমা ও তার স্বামী নাসিরের নিকট টাকা পাওনা দাবি করে গরুটি দিতে অস্বীকার করে।

এ ঘটনায় নাসির এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের নিয়েও গরুটি আনতে যায়। কিন্তু তারা গরু ফেরত দেয়নি। বিষয়টি নিশ্চিত করেন পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল। এ ঘটনায় পাল্টা পাল্টি মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, বুধবার রাহেলা, মা হেনা ও চাচাত ভাই হজরত আলী কোর্ট থেকে জামিন নিয়ে এসে নাছিরকে মারপিট করে। এতে নাছির মারা যায়।