বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ছন্দা মজুমদার (২৪) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধারের পর থানায় নিয়ে আসে। মৃত ছন্দা মজুমদার উপজেলার সন্তোষপুর গ্রামের সুশীল মজুমদারের মেয়ে এবং গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ থেকে এ বছর সমাজবিজ্ঞানে অনার্স পাস করেছেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মৃতের চাচাতো ভাই দেব দুলাল মজুমদার ও কৃষ্ণ পদ মজুমদার জানান, তাদের চাচাতো বোন ছন্দা মজুমদার শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে পরিবারের সবার অগোচরে বসতঘরের পাশে সবেদা গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে রাত ১১টার দিকে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে ছন্দা আত্মহত্যা করেছে তারা তা বলতে পারেন না।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে রাত ২টার দিকে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শনিবার সকালে ছন্দার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।