নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদের (ইউপি) অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে (৩৮) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

ইউপি সচিব তরিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে কাজ করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেল যোগে পাঁচ-ছয়জন হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্ত অফিস কক্ষে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে।’

হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান সচিব তরিকুল।

তিনি আরো জানান, তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’