কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টার দিকে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৩৮)। তিনি তিন সন্তানের মা। তার স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন।

অভিযুক্তের নাম মো: কাল্লু মিয়া (৩৫)। তিনি ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো: আব্দুল গফুর মিয়ার ছেলে এবং পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর একই বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করতেন। স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। তার তিনজন ছেলে সন্তান রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আপন বড় বোন আমেনা বেগমের সাথে ছোট ভাই কাল্লু মিয়ার সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বোনকে মারধরে ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করে। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বড় বোনকে তার ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে সে মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।