কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও ৯টি গোডাউন পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ১ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে মাতৃভাণ্ডার নামে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সিহান জানান, মহাসড়কের চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান ও ৯টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখা এতটাই ভয়ানক ছিল মানুষ কাছে যেতে পারছিল না।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট কাজ করেছে।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানিদের জানমালের নিরাপত্তায় প্রশাসন কাজ করেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে।