পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাতাবুনিয়া-গাবতলী খাল এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এক সময় এ খাল দিয়ে চলাচল করত নৌকা ও ছোট বড় ট্রলার। কালের বিবর্তনে আজ সেই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটির পশ্চিম পাশে অবস্থিত পীরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আর পূর্বপাশে সৃজনী বিদ্যানিকেতন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ও কেরামত আলী হল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন সংলগ্ন খালটি ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা।
বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত পবিপ্রবির একাধিক ছাত্রাবাসের শত শত ছাত্র এই পথ দিয়ে আসা-যাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারাও। পীরতলা বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনই তাদের আবর্জনা ফেলায় খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়াও খালটিতে স্রোত না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের ফেলা ময়লা পচেগলে দুর্গন্ধে পথচারীদের পথচলা দায় হয়ে পড়েছে। এ ছাড়াও এলাকার শিশুরাসহ বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, আমাশয় ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, আমাদের বিদ্যালয়ের প্রায় ৭-৮শ’ ছাত্রছাত্রী এ স্থান দিয়ে আসা-যাওয়া করে। প্রায়ই দুর্গন্ধ ছড়ায়। বৃষ্টির মৌসুমে পানি জমে নোংরা পানি প্রায়ই বিদ্যালয়ে ঢুকে যায়। এতে আমাদের খুবই সমস্যা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধু ও কেরামত আলী হলের শত শত ছাত্র এই জায়গা দিয়ে আসা-যাওয়া করি। দুর্গন্ধ ছাড়াও বৃষ্টির মধ্যে হলগুলোতে চলাচলের রাস্তা দুষিত পানিতে ডুবে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ থাকার কারণে দুর্গন্ধ ছড়ায়। এতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে। প্রায়ই আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ছে। তাই অতিদ্রুত বিদ্যালয়ের পাশ থেকে এই ময়লা অপসারণের দাবি জানাচ্ছি।
পবিপ্রবি হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার এ টি এম নাসির উদ্দীন বলেন, বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ থাকায় খুবই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এর ফলে মশা মাছির মাধ্যমে এবং বায়ু-পানি দুষিত হয়ে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রকম পেটের পীড়া হতে পারে। যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ বেশি তাই এতে এডিস মশার বংশ বিস্তারেরও আশঙ্কা থাকে।
এ ব্যাপারে পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয় অতিদ্রুত বাজার কমিটির সবাইকে নিয়ে আলোচনা করে একটি কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, এ ব্যাপারে আমরা ইতঃপূর্বেই উদ্যোগ নিয়েছি। মূলত খালটি সংস্কার করা দরকার আর এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আওতায়। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।