রাজশাহীর পুঠিয়ায় ছাগল চড়াতে যাওয়া শাবানা বেগমের লাশ তার বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়।

ওই নারী শাবানা বেগম (৪৩) পূর্ব ধোপাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।

জানা গেছে, সাড়ে ৮টার দিকে শাবানা বেগম ছাগল চরাতে বাড়ি থেকে বের হন। সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী লিচু গাছে গলায় রশি দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় পথচারীরা। এ সময় তারা তার বাড়িতে খবর দেয়। পরে আত্মীয়রা পুঠিয়া থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

শাবানার পুত্রবধূ সালমা আক্তার জানান, তার স্বামীকে পৃথক করে দেয়া নিয়ে সংসারে ঝামেলা হয়। এটা নিয়ে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করেছে বলে মনে হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, শাবানা বেগম সম্পর্কে তার চাচি হন। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পরে বলা যাবে।