উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে মসজিদে জুমার নামাজের সময় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছ পড়ে তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ফকিরহাট জামে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো: কেরামত আলী (৬০), মো: ফরহাদ হাওলাদার (৪৮) ও মো: ফরহাদ ফকির (৫২)।
জানা গেছে, এ সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে মসজিদের পাশে চাম্বল গাছ ভেঙে পড়ে তিন মুসুল্লি আহত হন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান বলেন, ‘জুমার নামাজ আদায়ের জন্য অর্ধশত মুসল্লি মসজিদে আসেন। দুপুর ১টা ২৫ মিনিটের সময় হঠাৎ ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙে মসজিদের ওপর পড়লে তিনজন মুসুল্লি আহত হন এবং মসজিদের টিনের ছাউনি দুমড়েমুচড়ে যায়।
নামাজ শেষে অন্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।



