চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সাতকানিয়ার মাদারবাড়ির ড্রিম হাউস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আন্দিপুর বড়গাছিহাট এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন (২৩) ও বরিশালের উজিরপুর কাউরেখা এলাকার শচীন চন্দ্রনাথের ছেলে মন্মথ বৈরাগী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ড্রিম হাউস কমিউনিটি সেন্টার এলাকায় আব্দুল খালেকের দোকানের সামনে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সাথে চট্টগ্রামমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর পাঠানো হয়েছে।



