নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় সুমি আক্তার (২২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রূপন আহাম্মেদ পলাতক রয়েছে। রোববার দুপুরে ঘোড়াশাল মিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমি ওই গ্রামের ফজলুর রহমানের মেয়ে। অভিযুক্ত রূপনও একই গ্রামের রহিম মিয়ার ছেলে। ওই বাড়িতে তারা ভাড়া থাকতেন।
নিহতের পরিবার জানায়, সুমি গত দুই বছর ধরে প্রবাসে চাকরি করে আসছিলেন। দেড় মাস আগে ছুটিতে বাড়িতে এলে স্বামী রূপনের সাথে টাকা নিয়ে তার ঝগড়াবিবাদ লেগে থাকত। গত শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটের নিয়ে রেখে পালিয়ে যায় স্বামী। পরে সকালে পরিবারের লোকজন সুমির কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে খাটের নিচে তার লাশ দেখতে পায়।
পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রূপন আহাম্মেদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।



