বিএনপি ও বিএনপি সমমনা বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কোটবাড়ি অঞ্চলে কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ'র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলটি কোটবাড়ি ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় ২০ জনের মতো অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।

মিছিল শেষে ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, নির্বাচন কমিশন হাবীবুল আউয়াল যে তফসিল দিয়েছে তা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই তফসিল মানি না। অতিদ্রুত এই অবৈধ তফসিল বাতিল করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেখানে সকল দল অংশগ্রহণ করে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

এ সময় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত স্থায়ী মুক্তির দাবি জানান তিনি।