খাগড়াছড়ির ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের ১২ তম দিনেও উদ্ধার না হওয়ায় বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সমাবেশ শেষে একই দাবিতে খাগড়াছড়িতে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে রাসেল মুক্তি পরিষদ।

সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের পানখাইয়া পাড়া থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অপহৃত রাসেল খাগড়াছড়ি সদরের কল্যাণপুর এলাকার বাসিন্দা মো: বাচ্চু মিয়ার ছেলে।

মুক্তমঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর জেলার দীঘিনালার নয় মাইল এলাকায় সেগুন বাগান দেখতে গিয়ে অপহরণের শিকার হন রাসেল। অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও অপহৃত শফিকুল ইসলাম রাসেলকে উদ্ধার করতে পারেনি প্রশাসন।

পরিবারের দাবি, ইতোমধ্যে শফিকুলের মুঠোফোনের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করে অপহরণকারীরা প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে নিলেও তাকে মুক্তি দেয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক মাসুম রানা আসাদ উল্লাহ ও অপহৃত রাসেলের বাচ্ছা বাচ্চু মিয়া।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ রাসেলের উদ্ধারে কাজ করছে।